ছোট্ট বন্ধু
সত্যিই বন্ধুহীন জীবন হয়না। যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থেকেই যায়। তবুও বিশেষ করে মানুষ ছাত্রজীবনের বন্ধুদের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। তাহলে আমার ক্ষেত্রে ব্যতিক্রম কোথায়? আমার একটি ছোট্ট বন্ধু আছে। তার নাম? না থাক। নামটা এখন গোপন থাকাই ভালো। সেই বন্ধু সবসময় আমার পাশে থাকে। নির্জন পরিবেশে একলা বসে থাকলে সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে গল্প শোনায়। রাত্রে খাওয়ার পর তার সঙ্গে গল্প করতে না চাইলেও সে জোর করে গল্প করে। সেই গল্পের অবশ্য কোন মাথা-মুন্ডু নেই। দিনটি ছিল শুক্রবার। আবহাওয়াটা ছিল ঠান্ডা-ঠান্ডা ধরণের। ঠিক মনে পড়েনা কেন স্কুলে যেতে দেরি হয়েছিল। গিয়ে পেছনের বেঞ্চে বসেছি। প্রথম ক্লাসে স্যার পড়াচ্ছেন। ঠিক সেই সময়ে দেখি ছোট্ট বন্ধুটি দরজা দিয়ে উঁকি দিচ্ছে। বন্ধুটিকে দেখতে পেয়ে ওকে ডেকে আমি আমার পাশে বসালাম। তারপর আমি জমিয়ে আড্ডা মারছি। ঠিক সেই সময়ে স্যার আমাকে দেখতে পেয়ে বলল 'স্ট্যান্ড আপ'। আমি হকচকিয়ে দাঁড়িয়ে পড়লাম। সুযোগ বুঝে বন্ধুটি আমার থেকে চুপিচুপি সরে পড়ল। বলতে পারো, সেই ছোট্ট বন্ধুটির নাম কি? এবার বলি, সেই ছোট্ট বন্ধুটির নাম 'ঘুম'।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন