কালো মেয়ে
আজ একটা গল্প লিখি। গল্প বলা ঠিক হবেনা, সত্যি ঘটনা বলতে পারেন। ফেসবুক ঘাটতে ঘাটতে খেয়াল করলাম কেউ একজন "কালো মেয়ে" নামে একটা কবিতা পোস্ট করেছেন। কেউ আবার কিছু পোস্ট করলে, সেটা যদি আমার ভালোলাগে তাহলে তার কমেন্ট বক্সে চোখ বোলানোটা আমার স্বভাব। বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করেন। ওখান থেকেও অনেক কিছু শেখা যায়। সময় কাটে, অভিজ্ঞতাও বাড়ে। যাই হোক, ওই "কালো মেয়ে" কবিতাটার কমেন্ট বক্স পড়তে পড়তে, একটা মন্তব্যে এসে চোখ আটকে গেলো। সেখানে একটা মেয়ে লিখেছে "আমিও কালো"। পরিষ্কার স্বীকারোক্তি। মনটা ছুঁয়ে গেলো। আমি পাল্টা মন্তব্য করে বসলাম। লিখলাম --কালো জগতের আলো। কালো আছে বলেই সাদার এতো কদর। রাত আছে বলেই দিনের অপেক্ষা করা হয়। সাথে সাথে জবাব। সম্বোধনে দিদি লিখেছে। তোমার মনটা ভীষণ ভালো তাই তুমি এত সুন্দর করে কথা গুলো বললে। উত্তরে বললাম, কথাগুলো বোঝার জন্য একটা সুন্দর মনেরও দরকার যা তোমার আছে। শুরু হল না-দেখা, না-চেনা এক সুন্দর একটা নিবিড় বোনের সম্পর্ক। সম্পর্ক শুধু রক্তের নয়, সম্পর্ক গড়তে জানলে পৃথিবীর যে কোন প্রান্তে তার শেকড় ছড়িয়ে দেওয়া যায়। আর আজকের দুনিয়ায় পৃথিবী তো হাতের মুঠোয়। আজ সমাজ অনেক উন্নত। কিন্তু এখনো মেয়ে সন্তান, কালো মেয়ে, এসব নিয়ে মানুষের কথাবার্তার শেষ নেই। কারুর বাড়ির মেয়ে হলে, লোকে আগে জিজ্ঞাসা করে কেমন দেখতে হয়েছে? কালো না ফর্সা? কোন মেয়ের বিয়ের সম্বন্ধ এলে লোকে আগে জিজ্ঞাসা করে মেয়ের গায়ের রং কেমন? রাস্তা দিয়ে কালো মেয়ে গেলে লোকে সমালোচনা করে। তাই আমরা মুখে যতই বলি কালো জগতের আলো। মন থেকে আমরা সবাই মানতে পারিনা। সবার মনটা এতটাও সুন্দর নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন